অনলাইন ডেস্কঃ মোবাইল ফোনে ফ্রি-ফায়ার গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে হৃদয় বাবু (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের ভাদেরা জামতলী গ্রাম-সংলগ্ন রেললাইন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
হৃদয় দিনাজপুরে চিরিরবন্দর উপজেলার আউলিয়া পুকুর ইউনিয়নের আছিয়া নাজির রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের রাজারামপুর এলাকার মৃত বাবলু হোসেনের ছেলে।
রেলওয়ে পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার স্কুল বন্ধ থাকায় হৃদয় সকালে ঘুম থেকে উঠেই কানে হেডফোন দিয়ে তার মোবাইল ফোনে ফ্রি-ফায়ার গেম খেলতে খেলতে বাড়ি থেকে বের হয়। একপর্যায়ে সে রেললাইনের ওপর গিয়ে বসে।
ঠিক একই সময় পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি চিরিরবন্দর থেকে ছেড়ে আসে। ট্রেনটি একাধিকবার হর্ন দিলেও কানে হেডফোন থাকায় হৃদয় তা শুনতে পায়নি। ফলে সেই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
সূত্রঃ এন টিভি।










