ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উত্তর কিস্তাকাঠি আশ্রয়ণ প্রকল্পের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। আজ দুপুর ১২ টায় আশ্রয়ণ প্রকল্পের পুকুরে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
পরে এ উপলক্ষে সুফলভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের গরীব-দুঃখী মানুষের পাশে দাড়িয়েছেন। অসহায় ভ‚মিহীন-গৃহহীন মানুষদের তিনি ভ‚মিসহ ঘর উপহার দিয়েছেন। তাদের স্বাবলম্বী হওয়ার জন্য মৎস্য চাষ, পশু পালনসহ নানা রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহ্ আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ।










