জনতার খবর ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের সফরে দিল্লীর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল মঙ্গলবার দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।
৫ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি দুপুর ১২টায় (বাংলাদেশ সময়) নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান অভ্যর্থনা জানাবেন।
প্রধানমন্ত্রীর এই সফরে পানি, রেলওয়ে ব্যবস্থাপনা ও কুশিয়ারা নদীর পানি বণ্টনসহ মোট সাতটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারতে সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরের আলোচ্যসূচি জানাতে রবিবার সংবাদ সম্মেলনে করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। এসময় জানানো হয়, সফরে দুই দেশের মধ্যে বিনিয়োগ বৃদ্ধি, বিদ্যুৎ ও জ্বালানী সহায়তা, নদীর পানি বণ্টন, সীমান্ত নিরাপত্তাসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বৈঠক করবেন দুই দেশের সরকার প্রধান।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, প্রধানমন্ত্রীর এই সফরে পানি, রেলওয়ে ব্যবস্থাপনা ও কুশিয়ারা নদীর পানি বণ্টনসহ মোট ৭টি সমঝোতা স্মারক সই হবে। রাশিয়া নয়, ভারত থেকে তেল কিনবে সরকার।
শেখ হাসিনার এ সফর বাংলাদেশের জন্য আশাব্যঞ্জক অনেক কিছুই বয়ে আনবে বলেও আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। তবে প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়ে কোন অগ্রগতির তথ্য জানাতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়।












