বরিশাল প্রতিনিধিঃ
লুঙ্গি ও পাঞ্জাবি পরিধান করে নির্বাচনের মাঠে প্রচার-প্রচারণা চালানোর বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, আমি কারচারগুলো ভাঙ্গার জন্যই এসেছি। বর্তমান কালচার হলো পোশাকে ভদ্রতার পরিচয়। কিন্তু বাস্তবে পোশাকে ভদ্রতার পরিচয় নয়। মানুষের দেমাগ, আদর্শ এবং চরিত্র হলো ভদ্রতার পরিচয়। আমি প্রমান করতে চাই, যারা পোশাক দিয়ে এদেশের মানুষকে ধ্বংস করছে, খতম করছে, ডাকাতি করছে, চুরি করছে, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করছে আমি তাদের চেহারাকে উম্মোচন করতে চাই। পোশাকে মানুষের পরিচয় হয়না, চরিত্র এবং আদর্শে মানুষের পরিচয় হয়।
সোমবার (২৯ মে) দুপুরে বরিশাল নগরের বান্দরোড ও এর আশপাশের এলাকায় গনসংযোগ ও ভোটারদের সাথে কুশল বিনিয়মকালে এ কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, আমি নিজে ধার্মিক ব্যক্তি। তবে যারা প্রচার-প্রচারণায় ধর্মের কথা টানছেন, তাদের নির্দিষ্ট করে বলতে বলুন কোন ধর্ম ব্যবহার করে আমরা প্রচার-প্রচারনা চালাচ্ছি। যারা এ কথা বলছে, তারা আমার ওপর ভীতি হয়ে অপপ্রচার চালাচ্ছে এটা হলো আসল কথা। আমি তো আগেই বলেছি নির্বাচিত হলে মুসিলিম, হিন্দু, বৈদ্ধ, খ্রিষ্টানসহ সকল ধর্মের মানুষ এই সিটির মধ্যে সমঅধিকার পাবে।
তারা একজন নাগরিক হিসেবেই তাদের অধিকার ভোগ করবে, এখানে কে মুসলিম, কে হিন্দু কে সংখ্যালঘু দেখার বিষয় নেই। এসময় তিনি জানান, এখন পর্যন্ত কারও বিরুদ্ধে কোন অভিযোগ আমরা করিনি, ভবিষ্যতে দেখলে অবশ্যই দিবো।
নির্বাচিত হলে বরিশালকে আধুনিক নগরী করতে যা যা করা প্রয়োজন তাই করবেন বলেও মন্তব্য করেন তিনি।










