আতিকুর রহমান, ঝালকাঠিঃ-
৩টি স্থানে ভাড়াটিয়া মাস্তান দাড় করিয়ে ৩০৪ শতাংশ সম্পত্তি জোর পূর্বক বেকুর মেশিন দিয়ে কেটে মাছের ঘের করার পায়তারা করে স্থানীয় একটি ভূমি দস্যু মহল। জমির মালিকদের সাথে কোন চুক্তি না করেই ১জুলাই শুক্রবার দিবাগত রাতের আধারে এঘটনা ঘটে। ৯৪শতাংশ জমির মালিক ইসহাক হাওলাদার প্রতিকার পেতে মঙ্গলবার ঝালকাঠি পুলিশ সুপার বরাবরে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে নলছিটির থানার ওসিকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে বুধবার দুপুরে ওসি মু. আতাউর রহমান ও ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি সরেজমিন পরিদর্শন করেন। এনিয়ে এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
ঝালকাঠির এডিএম আদালতে মামলা এবং এসপি বরাবরে দায়েরকৃত অভিযোগ সূত্রে জানাগেছে, স্থানীয় নুরুল ইসলাম ওরফে নুর ইসলাম গং ১জুলাই শুক্রবার দিবাগত গভীর রাতে বহিরাগত ভাড়াটে বিপুল সংখ্যক লোকজন বিভিন্ন ধরনের অস্ত্রে সজ্জিত হয়ে বেকুর মেশিন দিয়ে ফসলী জমির মাটি কাটতে শুরু করে। তাৎক্ষনিক এর প্রতিবাদ করতে গেলে জীবননাশসহ বিভিন্ন ধরনের হুমকি দেয়। নলছিটি থানায় মুঠোফোনে অভিযোগ করলে টহলরত পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করতে নির্দেশ দেয়। পুলিশের টহল দলটি চলে গেলে রাত ৩টার দিকে আবার কাটতে শুরু করে। থানা পুলিশকে পুনরায় জানালে ঘটনাস্থলে পৌছে সত্যতা পেয়ে মোবাইলে সব কিছু রেকর্ড করে আবারও কাজ বন্ধ করতে নির্দেশ দেয়। পরবর্তিতে আবার কাটার প্রস্তুতি নিলে ৯৯৯ নম্বরে কল দিলে টহল পুলিশের দল পুনরায় পৌছলে সবাই পালিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত মো. এছাহাক হাওলাদার ও মো. বাবুল হাওলাদার জানান, ১জুলাই রাতে আমাদের দেলদুয়ার মৌজার ৩০৪ শতাংশ জমিতে বেকুর নামিয়ে কাটতে শুরু করে। আমরা তা টের পেয়ে বাধা দিলে বিভিন্ন ধরনের হুমকি দেয়। তখন বাগানের মধ্যে শতশত লোকের আনাগোনা টের পাই। তাদের কথার মধ্যে পিস্তল, গুলি, রামদা, মার্ডার করবে এমন শব্দ উচ্চারণ শুনতে পাই। ৩দিকে এভাবে বহিরাগত সন্ত্রাসী দাড় করিয়ে গায়ের জোরে ফসলী জমি কেটে মাছের ঘের করার চেষ্টা করে। উপায়ন্ত না পেয়ে ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (এমপি নং-৪৫৪, তাং-৩-০৭-২২) দায়ের করেন। অপরদিকে ঝালকাঠির আদালতে নিষেধাজ্ঞা চেয়ে মামলা (নং-১০৭, তাং-৩-০৭-২২) এবং ফৌজদারী কার্যবিধি অপরাধ আমলে নিতে পুলিশ সুপার বরাবরে অভিযোগ দায়ের করেন।
স্থানীয়রা জানান, উক্ত বিরোধীয় ৩০৪শতাংশ জমির এছাহাক হাওলাদারের ৯৪, হারুন অর রশিদের ৭৪, আব্দুল হামেদ খলিফার ২১, আব্দুল মালেক খলিফার ২৬, কবির হোসেনের ১৬, বাবুল হাওলাদারের ১৬, সাইদুলের ১১, মনুজান বেগমের ৩১ ও রাজিয়া খাতুনের ১৫ শতাংশ সম্পত্তি রয়েছে। যাদের কারো সাথেই কোন চুক্তি বা কোন বিনিময় করেনি নুরুল ইসলাম ওরফে নুর ইসলাম।
নলছিটিরি থানার ওসি মু. আতাউর রহমান জানান, পুলিশ সুপার মহোদয়ের কাছে দায়েরকৃত অভিযোগের সত্যতা তদন্ত করতে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জমিজমা সংক্রান্ত বিষয়ে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করবো তাতে আপোষে সক্ষম না হলে উভয়পক্ষকে আদালতে যেতে হবে। এছাড়া ফৌজদারী কার্যবিধি অনুযায়ী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।










