বরিশাল প্রতিনিধিঃ
আওয়ামী লীগ মনোনীত বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে নৌকার মার্কার মেয়র প্রার্থী প্রধানমন্ত্রীর ফুফাতো ভাই আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, আগামী ১২ জুনের নির্বাচনে আমাকে মেয়র নির্বাচিত করা হলে একটি নতুন বরিশাল গড়ার স্বপ্ন রয়েছে। যেখানে পুরো নগরীকে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি নাগরিক সবধরনের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে। আমার দরজা পুরো নগরবাসীর জন্য সর্বদা খোলা থাকবে।
তিনি আরও বলেন, যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বরিশাল নগরবাসীর সেবা করার জন্য সুযোগ দিয়েছেন, তখন সবাইকে বুঝতে হবে আসন্ন সিটি নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় মানেই শেখ হাসিনাকে বিজয়ী করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করা হলে বরিশাল নগরবাসীকে আর উন্নয়ন থেকে পিছিয়ে থাকতে হবেনা। এখন নগরবাসী কি উন্নয়নের পক্ষে থাকবেন, নাকি এ অন্ধকারের মধ্যেই থাকবেন, তা তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে।
বরিশাল নগরীর সার্বজনীন নাগরিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে মঙ্গলবার রাতে প্রধান নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভার শুরুতে নৌকার মেয়র প্রার্থীকে পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় মেয়র প্রার্থীর সহধর্মিনী লুনা আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পরিষদের আহবায়ক হালিমুজ্জামান খান মাহামুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদস্য সচিব আব্দুল আজিজ হাওলাদার, নির্বাচনী উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু, আলহাজ আব্দুস সালাম, ইব্রাহীম খলিল, ডা. একেএম কবিউল করিম, মরিয়ম বেগম, সিএইচ, মাহবুব, মোয়াজ্জেম হোসেন লিটন, মোস্তাফিজুর রহমান বাদশা প্রমুখ।
সভাপতির বক্তব্যে হালিমুজ্জামান খান মাহামুদ বলেন, বিগত বছরগুলোতে বরিশাল নগরীর উন্নয়ন স্থবির হয়ে গিয়েছিল। জনগন নাগরিক সুবিধা থেকে পুরোপুরি বঞ্চিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগরবাসীর দুর্দশার কথা চিন্তা করে একজন সৎ, নির্ভিক ও জনদরদী মানুষ হিসেবে খোকন সেরনিয়াবাতকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। তাই আমরা সার্বজনীন নাগরিক ঐক্য পরিষদের পক্ষ থেকে নৌকার প্রার্থীকে স্বতঃর্স্ফূত সমর্থন দিয়েছি। তিনি আরও বলেন, খোকন সেরনিয়াবাত মেয়র নির্বাচিত হলে নগরবাসীর দুর্দশা পুরোপুরি লাঘব হয়ে একটি স্মার্ট উন্নত বরিশাল নগরী হবে। তাই আমরা সবাই তাকে ভোট দিয়ে নির্বাচিত করার অঙ্গিকার করেছি।
অপরদিকে বুধবার বেলা ১১টায় আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় প্রধানঅতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌকার মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত। পরবর্তীতে দুপুর বারোটার দিকে নৌকার মেয়র প্রার্থী বিএম কলেজ, সিটি কলেজ ও অমৃত লাল দে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। একইদিন বিকেল পাঁচটার দিকে সদর উপজেলার চেয়ারম্যান, মেম্বার ও দলীয় নেতাকর্মীরা মেয়র প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাত করেন। রাত আটটায় নির্বাচর্নী কার্যালয়ে মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল শাখার নেতৃবৃন্দরা।
তিন সাংবাদিকের মনোনয়ন জমা \ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে একজন ও কাউন্সিলর পদে দুইজনসহ তিন সাংবাদিক প্রতিদ্বন্ধীতা করার জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন। ওই তিনজন প্রার্থীরা হলেন, মেয়র পদে মো. আসাদুজ্জামান আসাদ (স্বতন্ত্র), ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে এম সালাউদ্দিন এবং ২৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে রেদোয়ান রানা।
স্বতন্ত্র মেয়র প্রার্থী আসাদুজ্জামান আসাদ এর আগে বরিশাল জেলা পরিষদ নির্বচনে চেয়ারম্যান পদে মনোনয়ন সংগ্রহ করে আবার প্রত্যাহার করেন।
বরিশাল: আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর সমর্থকদের পিটিয়ে ও হত্যার হুমকি দিয়ে কারাগারে রয়েছেন সদ্য বিলুপ্ত হওয়া বাংলাদেশ ছাত্রলীগের বরিশাল মহানগর কমিটি আহŸায়ক রইজ আহম্মেদ মান্না। তবে তিনিও বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হয়েছেন।
কারাগারে থেকে কাউন্সিলর পদে মনোনয়ন জমা \ মঙ্গলবার মনোনয়নপত্র ক্রয় ও জমাদানের শেষ দিনে কারাগারে থাকা অবস্থাতেই আলোচিত ছাত্রলীগ নেতা রইজ আহম্মেদ মান্নার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে তার সমর্থকরা।
বিসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী মান্না নগরীর ২ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হয়েছেন। ওই ওয়ার্ডে আরও ৭ জন প্রার্থী রয়েছেন।
এদিকে কমিটি বিলুপ্ত হওয়া ও মান্না কারাগারে যাওয়ার পর তার বিরুদ্ধে অনেকে মুখ খুলতে শুরু করেছেন। তার ভয়ে টটস্থ থাকা নেতাকর্মীরা বলছেন, এই ছাত্রলীগ নেতার ভয়ে মারধরের শিকার হয়েও কেউ যেমন হাসপাতালে ভর্তি হতে পারেননি, তেমনি আইনের আশ্রয় নিতেও সাহস পাননি।
মান্নার নিপীড়নের শিকার হওয়া মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ান জানান, মান্নার নেতৃত্বে কয়েকবার তার বাসায় হামলা-ভাঙচুর ও গুলি করা হয়েছে। ফলে ২০১৪ সালের শেষ দিকে বাধ্য হয়েই ঢাকায় পাড়ি জমান। তবে খোকন সেরনিয়াবাত মনোনয়ন পাওয়ার পর বরিশালে প্রকাশ্যে আওয়ামী লীগের হয়ে মাঠে কাজ করার সুযোগ পেয়েছেন এই ছাত্র নেতা।
এদিকে ২০২১ সালের আগস্টে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলা, একই বছরের ফেব্রæয়ারিতে বিসিক শিল্প নগরীতে জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফরচুনে হামলা এবং ওই ঘটনার জেরে কাউনিয়া থানা ঘেরাওয়ের সময়েও ফ্রন্ট লাইনের ছিলেন মান্না। আবার এসব ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামি করা হলেও বীরদর্পে ঘুরে বেড়িয়েছেন তিনি।
গত কয়েক বছর ধরে বরিশাল নগরের একক আধিপত্যে থাকা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী হওয়ায় বিবাহিত এবং সন্তান থাকার পরও মান্নাকেই ২০২২ সালের জুলাইয়ে মহানগর ছাত্রলীগের আহŸায়কের পদ দেওয়া হয়। এ নিয়ে বরিশাল নগরে বিক্ষোভও করে ছাত্রলীগের একটি বড় অংশ। এর আগেই ২০১৮ সাল থেকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালেও তার নিয়ন্ত্রণ দেখা যায়। সেখানে প্রবেশের পরপরই বাস মালিক বনে যান, এরপর নিজেও মোটরসাইকেল রেখে ঘুরে বেড়াতেন প্রাইভেট মাইক্রোতে। আকস্মিক তার এ পরিবর্তনের ফলে সম্পদের হিসেব খতিয়ে দেখার আহŸান জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।
রিটার্নিং অফিসার হুমায়ূন কবির বলেন, ইসির ঘোষিত তফসিল অনুযায়ী ১৬ মে মনোনয়নপত্র উত্তোলন ও জমাদানের শেষ দিনে মেয়র পদে ১০ জন, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৪৬ জন এবং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪২ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। যাদের ফরমগুলোর যাচাই-বাছাই করা হবে ১৮ মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন ২৫ মে, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৬ মে ও আগামী ১২ জুন কাঙ্খিত এ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।










