সৌদি আরবে প্রাইভেটকার খাদে পড়ে কুমিল্লার মনোহরগঞ্জের দুই সহোদরসহ তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
২৫ আগস্ট বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে সৌদির আল কাসিম শহরে এই দুর্ঘটনা ঘটে বলে জানান মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশিকুর রহমান হাওলাদার হিরন।
নিহতরা হলেন -ঝলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের খলিফা বাড়ির আবুল কাশেমের দুই ছেলে মো. ফারুক হোসেন (২৫) ও মো. পারভেজ হোসেন (২০) এবং একই বাড়ির আবুল বাশারের ছেলে মো. সাদ্দাম (২১)।
আহত হয়েছেন কাশেমের ছোট ভাই সুমন মিয়া (৩৫) ও ভাগিনা রুবেল হোসেন (২০)। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের পরিবারের বরাতে চেয়ারম্যান আশিকুর রহমান বলেন, তিন বছর আগে ফারুক সৌদি আরব যান। মাস তিনেক আগে তার ছোট ভাই পারভেজকেও নিয়ে যান। সাদ্দামও বছর তিনেক আগে সৌদি আরব যান।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে তারা পাঁচজন বাজার করতে আল কাসিম শহরের উদ্দেশ্যে প্রাইভেটকার নিয়ে বের হন। সেখানে পৌঁছার আগে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই তিনজন মারা যান। বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন, আমরা ঘটনা শুনেছি। মরদেহ ফিরিয়ে আনতে সব ধরনের আইনি সহায়তা করা হবে।
কুমিল্লা জনশক্তি রপ্তানি অধিদপ্তরের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ বলেন, মরদেহ দেশে আনতে পরিবার দুটিকে সব রকমের সহযোগিতা করা হবে।










