জনতার খবর ডেস্কঃ রাজধানীতে তিন দিনের জেলা প্রশাসক সম্মেলন শুরু হয়েছে। মঙ্গলবার সকালে নিজ কার্যালয় থেকে ডিসি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আর ওসমানী স্মৃতি মিলনায়তনে হবে বিভিন্ন কার্য-অধিবেশন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেবেন জেলা প্রশাসকেরা। প্রধানমন্ত্রীর কাছে সরাসরি বিভিন্ন বিষয় তুলে ধরবেন তারা।
প্রতি বছর এই সম্মেলনের মধ্য দিয়ে দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকদের সাথে সরাসরি মতবিনিময়ের পাশাপাশি প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন সরকারের নীতি-নির্ধারকরা। এবারের সম্মেলনে ২০টি কার্য-অধিবেশনে ২৪৫টি প্রস্তাবের ওপর আলোচনা হবে বলে জানা গেছে। সবচেয়ে বেশি ২৩টি প্রস্তাব পাওয়া গেছে স্বাস্থ্য সেবা বিভাগ থেকে। সম্মেলন শেষ হবে ২৬ জানুয়ারি।
গত বছর ডিসি সম্মেলনে নেয়া ২৪২টি সিদ্ধান্তের মধ্যে ১৭৭টি বাস্তবায়িত হয়েছে আর ৬৬টি প্রস্তাব বাস্তবায়নাধীন রয়েছে।












