বরিশাল প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বরিশালে তৃণমূল পর্যায়ের কমিটি গঠণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। সোমবার সকালে জেলা বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দরা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্রমতে, শনিবার দিবাগত রাতে কেন্দ্র থেকে ফোন করে বরিশালের ইউনিয়নসহ ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠনের সব কার্যক্রম স্থগিত রাখার মৌখিক নির্দেশ দেওয়া হয়। তবে সোমবার সকাল পর্যন্ত এ নির্দেশের লিখিত আদেশ বরিশালে আসেনি।
মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, আগামী ৫ নভেম্বর দলের বরিশাল বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। তাই মহাসমাবেশ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত নগরীর ওয়ার্ড কমিটি গঠণ কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, ওয়ার্ড কমিটি গঠনের পর কিছুটা বিশৃঙ্খলা হয়। পদবঞ্চিতরা নানা অভিযোগ তুলে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে। তাই নগর কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে এখন শুধু ৫ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে কাজ করার জন্য।
জেলা দক্ষিণ বিএনপির আহবায়ক মুজিবুর রহমান নান্টু বলেন, মৌখিক নির্দেশ পেলেও এখন পর্যন্ত কোনো লিখিত আদেশ পাননি। তাই লিখিত আদেশ না পাওয়া পর্যন্ত জেলা শাখার আওতাধীন ইউনিটের কর্মীসভা অব্যাহত থাকবে। জেলা উত্তর বিএনপির আহবায়ক দেওয়ান মোঃ শহীদুল্লাহ বলেন, এখন শুধু মহাসমাবেশ সফল করার কার্যক্রম চলছে।
উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বর মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠণ করা হয়েছে। মহানগর শাখার ৩০টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণার পর চলতি মাসে আহবায়ক কমিটি গঠণের কাজ শুরু করা হয়। এ পর্যন্ত ১৬টি ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়েছে। এতেই ত্যাগী ও অভিজ্ঞ নেতাদের বাদ দিয়ে আহবায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে পকেট কমিটি গঠনের অভিযোগ তুলেছেন পদবঞ্চিতরা। ফলে ওয়ার্ডগুলোতে বিক্ষোভসহ বিশৃঙ্খলা দেখা দিয়েছে। দুই জেলা শাখার অধীন ইউনিট কমিটি পুনর্গঠনের জন্য পূর্বের কমিটি বিলুপ্ত করার পর সংশ্নিষ্ট এলাকায় নেতাকর্মীদের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে।










