খেলা ডেস্কঃ আগামী ৬ মাস জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবেন না তামিম ইকবাল। দরকার হলে বিশ্বকাপে ফিরবেন বলে জানিয়েছেন এই টাইগার ড্যাশিং ওপেনার। এই সময়ে তরুণরা দায়িত্ব নিয়ে পরিণত হয়ে উঠবে বলে বিশ্বাস করেন তিনি।
তামিম ইকবালের আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলা নিয়ে বেশ কয়েক দিন ধরে গুঞ্জন চলছিল। দুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান বলেছিলেন, তামিম আর টি-টোয়েন্টি খেলতে চায় না। তবুও তামিমের ভাবনাটা জানার অপেক্ষা করছিল সমর্থকেরা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসে পরিষ্কার করেছেন সেই ভাবনাই।
ফিটনেস সমস্যা আর দীর্ঘ বিরতির কারণে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেন তামিম। পরবর্তীতে জানা যায়, এই ফরম্যাটে আর খেলতে চান না ওডিআই অধিনায়ক। গত কয়েকদিনে তার সঙ্গে কয়েক দফা আলোচনা করেছেন বিসিবি কর্তারা। যেখানে সিদ্ধান্তের জন্য সময় চেয়েছিলেন তামিম। অবশেষে চট্টগ্রামে গণমাধ্যমকে তার ভাবনার কথা জানালেন টাইগার তারকা।
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে খেলছেন তামিম। নিজের ফ্র্যাঞ্চাইজি হয়ে বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কয়েক দিন ধরে আমার টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে আলোচনা হচ্ছে। আমার সঙ্গে গত কয়েক দিনে সভাপতি (নাজমুল হাসান), জালাল ভাই (ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান জালাল ইউনুস), (বোর্ড পরিচালক) কাজী এনাম ভাইদের সঙ্গে বিভিন্নভাবে অনেক জায়গায় বৈঠক হয়েছে। উনারা অবশ্যই চাচ্ছেন যাতে আমি অন্তত বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি চালিয়ে যাই। আমার ব্যাপারটা আলাদা ছিল। সবাই মিলে যেটা ভালো হয় সে সিদ্ধান্ত নিয়েছি। আগামী ছয় মাস আমি (আন্তর্জাতিক) টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে ভাবছি না। আপাতত আগামী ৬ মাসে ওডিআই আর টেস্টে মনোযোগ তার।
তিনি আরো বলেন, আশা করি এই ছয় মাসে তরুণেরা এত ভালো খেলবে যে আমার আর প্রয়োজন পড়বে না। তারপরও ছয় মাস পর যদি এমন সময় আসে যে ক্রিকেট বোর্ড, নির্বাচক বা টিম ম্যানেজমেন্ট মনে করে বিশ্বকাপের আগে আমাকে দরকার, আমিও যদি প্রস্তুত থাকি, তখন আবার এটা নিয়ে আলাপ হবে। কিন্তু এই ছয় মাস নয়। আরো ৪ থেকে ৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চান বলেও জানান তিনি।
জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি না খেলার ব্যাখ্যায় তামিম বলেন, অনেক ক্রিকেটারই (টেস্ট ও ওয়ানডের) আগে টি-টোয়েন্টি ছেড়েছেন। বড় বড় ক্রিকেটাররাও এমনটা করেছেন। ওয়ানডে আমাদের সবচেয়ে প্রিয় সংস্করণ, খুব উপভোগ করি এটা। টেস্ট ক্রিকেট এমন একটা সংস্করণ যখন থেকে ক্রিকেট ব্যাট ধরা শুরু করেছি, তখন দুটি ইচ্ছে ছিল- বাংলাদেশের হয়ে খেলব এবং টেস্ট খেলব। বাংলাদেশের জার্সিতে তামিম সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে।
জাতীয় দলের হয়ে তামিম ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২৪.০৮ গড় ও ১১৬.৯৬ স্ট্রাইক রেট রেখে করেছেন ১৭৫৮ রান। ২০১৪ বিশ্বকাপে ওমানের বিপক্ষে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেন এই ওপেনার।












