অনলাইন ডেস্কঃ কখনও ডিবি পুলিশ আবার কখনও সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে চাঁদাবাজি ও ছিনতাই করতো একটি চক্র। মঙ্গলবার কেরানীগঞ্জের ইস্পাহানী আবাসিক এলাকা থেকে জনতার হাতে ধরা পড়েছে চক্রটির দুই সদস্য।
তারা হলেন- ফরহাদ হোসেন (৩৫) এবং রিনা আক্তার (৩০)। পরে তাদের র্যাবের হাতে তুলে দেওয়া হয়।
শিল্পী বেগম নামে এক ভুক্তভোগী নারী জানান, ২ আগস্ট রাতে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ৫ ব্যক্তি আমার বাসায় হানা দেয়। এ সময় তারা আমার মেয়ে ও দেবরকে মারধর করে এবং নানা ভয়ভীতি দেখিয়ে বাসার অন্যান্য সদস্যদের ১১টি মোবাইল ফোন ও নগদ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। যাওয়ার সময় আমার দেবরকে আটক করে ঝিলমিল আবাসিক এলাকার নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে নেয়ার পর ৫ লাখ টাকা দাবি করে অন্যথায় ক্রসফায়ারের হুমকি দেয়।
পরে আমার দেবর বিভিন্ন লোকজনের কাছ থেকে ২৯ হাজার টাকা যোগাড় করে তাদের হাতে তুলে দেয়। এরপর তারা দেবরের দুটি মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে সেখানে রেখে পালিয়ে যায়। এ ব্যাপারে আমরা র্যাবের কাছে অভিযোগও করেছিলাম।
আরেক ভুক্তভোগী আঁখি সাংবাদিকদের জানান, সংঘবদ্ধ এই চক্রটি কখনো ডিবি পুলিশ আবার কখনো সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও ছিনতাই করে থাকে। চক্রটির দুই সদস্য মঙ্গলবার ইস্পাহানী আবাসিক এলাকায় ঢুকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন দোকানদারের কাছে চাঁদা দাবি করে অন্যথায় নিউজ করার হুমকি দেয়। ইতোপূর্বে তাদের প্রতারণার শিকার এক নারী তাদের চিনে ফেলে উপস্থিত লোকজনের সহায়তায় আটক করে র্যাবকে খবর দেয়।
এ ব্যাপারে র্যাব ১০ এর কেরানীগঞ্জ ক্যাম্পের ডিএডি বেলায়েত হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দুই প্রতারককে আটক করা হয়েছে। র্যাবের মিডিয়া সেল থেকে বিস্তারিত জানানো হবে।’










