ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা দায়রা জজ আদালতে ৭০৮ বোতল ফেন্সিডিল পাচার মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী রানা হোসেন আত্মসমর্পণ করেছেন। আদালতের বিচারে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।
২০২২ সালে ৩১ জুলাই এই আদালতে তৎকালিন বিচারক মোঃ শহিদুল্লাহ আসামী রানা হোসেনসহ, আদম আলীকে এই মামলায় ১৪ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করেছিলেন। আত্মসমর্পনকারী রানা হোসেন যশোর জেলার ঝিকরগাছা উপজেলা, পুরন্দবপুর গ্রামের মৃত আঃ জলিলের পুত্র এবং আদম আলী একই গ্রামের বাসিন্দা। রায় ঘোষনাকালীন আদম আলী উপস্থিত ছিলেন এবং তিনি জেল হাজতে রয়েছেন। ২০১৯ সালের ১৮ জানুয়ারী ঝালকাঠির নলছিটি উপজেলা বরিশাল-পটুয়াখালী সড়কের বেলি পেট্রোল পাম্পের কাছে রাত পৌনে ১০টায় র্যাবের অভিযানে ৭০৮ বোতল ফেন্সিডিলসহ আটক হয়। অভিনব কায়দায় ট্রাকের জ্বালানী ট্যাংকের সাথে আলাদাভাবে একটি পার্ট তৈরি করে তার মধ্যে ফেন্সিডিল বহন করা হচ্ছিল।










