ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে ১১ হাজার মিটার অবৈধ কারেন্টজাল আটক করেছে মৎস্য বিভাগ। এ সময় মাছ ধরার ৫টি নৌকা ও ১৫ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দ করা জালগুলো সুগন্ধা নদীতীরে ডিসি পার্কে পুড়িয়ে দেওয়া হয়েছে। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। আজ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ এ অভিযান পরিচালনা করে।
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, নিষেধাজ্ঞার মধ্যেও নদীতে জাল ফেলে মাছ ধরছে জেলেরা। অভিযান টের পেয়ে নৌকা ও জাল ফেলে পালিয়ে যায় জেলেরা। এ সময় জাল, নৌকা ও ইলিশ জব্দ করা হয়।










