ঝালকাঠি প্রতিনিধিঃ
র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠিতে শিক্ষক দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় ঝালকাঠি সরকারি কলেজ চত্বর থেকে একটি র্যালি বের হয়।
র্যালির উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। র্যালিটি শহর ঘুরে একইস্থানে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমির হোসেন আমু এমপি। ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইউনুস আলীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জোহর আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম হারুন অর রশীদ। আলোচনা সভা শেষে কলেজ চত্বরে গাছের চারা রোপণ করেন আমির হোসেন আমু।










