ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে হিন্দু সম্প্রদায়ের এক যুবককে মারধর করে ভয় ভীতি দেখিয়ে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়া হয়েছে। নিজ ভিটা ছেড়ে তাকে দেশ ত্যাগের হুমকী দেওয়া হচ্ছে।
ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের গরঙ্গা গ্রামের মৃত: বিরেন চন্দ্র সরকার এর ছেলে রতন সরকার সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। বুধবার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্যে রতন সরকার বলেন, আমি আমার মা ও এক ভাইকে নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করি। আমাদের বাড়িটি অত্যান্ত নিরিবিলি স্থানে এর আসে পাশে তেমন কোন বসতি নেই।
গত শনিবার (৬ আগষ্ট ) দুপুর ১২ টার দিকে বিনয়কাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঈনুদ্দিন পলাশ ২০ থেকে ২৫ জন লোক নিয়ে আমাদের বাড়িতে আসেন। এ সময় আমাকে অকথ্য ভাষায় গালি দেন।
চেয়ারম্যানের সাথে থাকা লোকজন বিনয়কাঠি ইউনিয়নের জাহাঙ্গীর ফকির, খোকন মল্লিক, পরিমল চন্দ্র শীল, পংকজ কুমার শীল, অবসর প্রাপ্ত পুলিশ সদস্য নজরুল ইসলাম ও মোবাশ্বেরসহ আরো ৫ থেকে ৭ জন মিলে আমাকে মারধর করে। ভয় ভীতি দেখিয়ে জোর করে একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। এগুলো নিয়ে বারাবারি করবি না বলে শাষিয়ে যায়। এক পর্যায়ে দেশ ত্যাগের হুমকী দেয়।
এঘটনার পর থেকে ভয়ে আমি বাড়িতে যেতে পারতেছি না। পালিয়ে থাকতে হচ্ছে আমাকে । আমার বৃদ্ধ মা একা ঘরে বসবাস করছেন। যে কোন সময় আমার উপরে হামলা হতে পারে। আমি চমর ভাবে নিরাপত্তাহীনতায় রয়েছি। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করেছি। কোন প্রতিকার পাইনি।










