ঝালকাঠি প্রতিনিধিঃ
‘শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত হয়েছে। আজ মঙ্গলবার এ দিবসটি উপলক্ষে ঝালকাঠি জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজন কালেক্টরেট স্কুলে উদ্বোধনী অনুষ্ঠান, শিশু সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লতিফা জান্নাতি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রুহুল আমিন এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র তরুণ কুমার কর্মকার, বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক দিলারা খানম, জেলা তথ্য অফিসার মো: আহসান কবীর ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: মোজাম্মেল হক।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিশুরাই জাতি গঠনের মূল ভিত্তি, সুন্দর আগামী প্রতিষ্ঠার কারিগর। তাই বিশ্বকে সুন্দর করার পূর্বশর্ত শিশুদের সুন্দর করে গড়ে তোলা। শিশুদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশের জন্য পুষ্টি, শিক্ষা, নিরাপত্তা ও সুস্থ বিনোদনের বিকল্প নেই।
এসময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










