ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বিষখালি ও সুগন্ধা নদীসহ এ জেলার বস বাসরত সাগরের জেলেরা ইলিশ ধরতে নদীতে নেমে ব্যস্ত হয়ে পড়েছেন।
শুক্রবার দিনগত মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় কর্মচাঞ্চল্যতা ফিরেছে সুগন্ধা ও বিষখালী পাড়ের জেলে পল্লিতে। নিষেধাজ্ঞার সময়ে ইলিশ জেলেসহ অন্য জেলেরাও নদীতে দেশীয় প্রজাতির মাছ ধরতে পারেনি। ফলে জেলে পরিবারে অভাব অনটন দেখা দেয়।
এখন সে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা জেলে ও মাছ ব্যবসায়ীদের। তবে নদীতে এখন তেমন একটা মাছ ধরা পড়তে শুরু করেনি, সামনের গোনে বেশি পরিমানে ইলিশ মাছ ধরা পড়বে বলে জানান জেলেরা। এ জেলায় ৬ হাজার ৮শ ৮৩ জন নিবন্ধিত জেলের মধ্যে সরকারি প্রণোদনার চাল পেয়েছেন ৩ হাজার ৮শ ৫০ জন।
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, ২২ দিনের অভিযানে ১৮ জনকে বিভিন্ন মেয়াদে দন্ড, ১৫ হাজার টাকা জরিমানা আদায়, ২০টি মামলা দায়ের করা হয়। জব্দ করা হয় ২৫টি নৌকা ও ৫ লাখ ৭২ হাজার ৫শ মিটার জাল। এছাড়া ২শ ১৭ কেজি ইলিশ উদ্ধার করে বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়।










