ঝালকাঠি প্রতিনিধিঃ
‘সচেতন থাকি, পরিচ্ছন্ন রাখি-ডেঙ্গুমুক্ত সমাজ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের নেতৃত্বে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বাসন্ডা কলেজের বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখা, তিন দিনে একদিন জমে থাকা পানি ফেলে দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, বাসন্ডা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ যুথীকা মন্ডল, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ফারজানা আকতার, ইংরেজি বিভাগের প্রভাষক সুমন হাওলাদার, বাংলা বিভাগের প্রভাষক মনিরুল ইসলাম, পৌরনীতি বিভাগের প্রভাষক বিথী রানী দেবনাথসহ কলেজের অন্যান্য শিক্ষক ও কলেজের শিক্ষার্থীরা।