ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির শিল্পকলা একাডেমির মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা সম্মেলন বুধবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতী সৈয়দ মোঃ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ইউসুফ আহমাদ মানসুর। বিশেষ অতিথি ছিলেন মাওলানা ডাঃ মোঃ সিরাজুল ইসলাম সিরাজী, আলহাজ্ব মাওলানা মোখতার আহমেদ, মোঃ আব্দুল কুদ্দুস, হাফেজ মোঃ আলমগীর হোসেন, জনাব মোঃ সাখাওয়াত হোসেন, হাফেজ ইব্রাহীম আল হাদী। সভাপতিত্ব করেন মোহাম্মাদ ইব্রাহীম খলিল, সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঝালকাঠি জেলা।
প্রধান অতিথির বক্তব্যে মুফতী সৈয়দ মোঃ রেজাউল করিম বলেছেন, ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পতন হয়েছে। এখন আমাদেরকে আমাদের মত করে দেশের আগ্রগতি ও শান্তি সমৃদ্ধির কাজে একত্রিত হয়ে কাজ করতে হবে। আমাদের দেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছে এবং তাদেরকে নিরাপত্তা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতিকে সমন্নুত রাখতে হবে। বিদ্যমান শিক্ষা, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট নিরসনে ইসলামই একমাত্র সমাধান।










