বরিশাল প্রতিনিধিঃ
যৌতুকের মামলা তুলে না নেয়ায় ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ভাসুরসহ দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির বলেন, দন্ডপ্রাপ্তরা হলো-ধর্ষিতা গৃহবধূর ভাসুর জেলার আগৈলঝাড়া উপজেলা সদরের বাসিন্দা জিয়া হাওলাদার (৩৫) ও তার স্বজন সিদ্দিক হাওলাদার (৪০)। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ভিকটিমের স্বামীকে খালাস দিয়েছেন আদালত। এর আগে রবিবার শেষ কার্যদিবসে আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন।
মামলার এজাহারের বরাত দিয়ে বেঞ্চ সহকারী হুমায়ুন কবির আরও বলেন, আগৈলঝাড়া উপজেলা সদরের বাসিন্দা আফজাল হাওলাদারের ছেলে সহিদুল ইসলাম প্রেমের সম্পর্কে ২০০৬ সালে ভিকটিমকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর যৌতুকের দাবিতে ভিকটিমকে শারীরিক ও মানসিক নির্যাতন করে তার বাবার বাড়িতে তাড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় ভিকটিম ২০০৭ সালে স্বামী, ভাসুর ও শ্বশুরকে আসামি করে একটি যৌতুক মামলা দায়ের করেন।
সূত্রমতে, ওই মামলা তুলে নেয়ার জন্য আসামিরা গৃববধূকে চাঁপ প্রয়োগ করেন। মামলা তুলে না নেয়ায় ২০১১ সালের ২২ আগস্ট দিবাগত রাতে কৌশলে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে ভাসুর জিয়া হাওলাদার। আর ধর্ষণের সহযোগিতা করে ধর্ষকের স্বজন সিদ্দিক হাওলাদার। এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূর বাবা একই বছরের ২৫ আগস্ট একটি ধর্ষণ মামলা দায়ের করেন।










