জনতার খবর ডেক্সঃ
সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন নাজমুল হাসান পাপন। আছেন বেক্সিমকো ফার্মা’র ব্যবস্থাপনা পরিচালক পদে। দায়িত্বে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির। এর মধ্যে ক্রিকেটে তাঁর অনেক সময় দিতে হয়। চিকিৎসক সেজন্য পাপনকে ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।
আজ ২৬ আগস্ট বৃহস্পতিবার বিসিবি’র এজিএম শেষে সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেছেন পাপন। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে এজিএম শেষে তিনি জানান,
ক্রিকেট অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে। খেলা দেখতে হয়, সবার খোঁজ-খবর নিতে হয়। দল হারলে মন খারাপ হয়। এসব কারণে চিকিৎসক তাঁকে ক্রিকেট থেকে দূরে থাকতে বলেছেন।
তিনি বলেন, ‘দলের সংগে নিউজিল্যান্ড সফরে জালাল ইউনুস ভাই গিয়েছিলেন। জিম্বাবুয়ে গেলেন (আহমেদ সাজ্জাদুল আলম) ববি ভাই। উনারা জানেন। আমি সব খেলা দেখেছি। উনাদের খোঁজ-খবর নিয়েছি। দলের খোঁজ রেখেছি। নিউজিল্যান্ডে ভোরে খেলা হয়েছে। আমি জালাল ভাইকে ফোন দিয়েছি। উনি অবাক হয়েছেন।’
বিসিবি বস জানান, দল হারলে তিনি খুবই হতাশার মধ্যে পড়ে যান। মেজাজ খারাপ হয়। দল হারলে মেনে নিতে পারেন না। এতোটাই মেজাজ খারাপ হয় যে স্ত্রী-সন্তান তাঁর সামনে আসেন না বলে উল্লেখ করেন। তাঁর মতে, ক্রিকেট আসলেই অনেক সময় নিয়ে নিচ্ছে, যা তিনি ধারণাও করেননি।
বিসিবি’র এজিএমে পরবর্তী নির্বাচন নিয়েও ধারণা দেন নাজমুল হাসান পাপন। দুই মেয়াদে দায়িত্ব পালন করা পাপন জানান, বিসিবি আগামী নির্বাচন পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আসতে পারে। এবারের এজিএমে তিনি নতুন নিয়মে নির্বাচনের প্রস্তাব দিয়েছেন। আশা করছেন, তাঁর প্রস্তাব গ্রহণ করা হবে।












