জনতার খবর ডেস্কঃ মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনে রয়েছেন চা-শ্রমিকেরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরে না যাওয়ার কথা জানিয়েছেন তারা। সংকট নিরসনে এবার চা বাগান মালিকদের সঙ্গে সভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৭ আগস্ট শনিবার গণভবনে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।
শনিবার বিকেল চারটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সভাটি অনুষ্ঠিত হবে। এরআগে গত ৯ আগস্ট থেকে ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন শুরু করেন চা বাগানের শ্রমিকেরা। গত কয়েক দিন ধরে চা-শ্রমিকদের সঙ্গে শ্রমিক নেতারা কথা বলে, আশ্বাস দিয়েও কোনো কাজ হয়নি। এছাড়া, প্রশাসনের কর্মকর্তারাও নানা আশ্বাস দিলেও কাজে ফেরেনি তারা।
প্রসঙ্গত, চা-শ্রমিকদের আন্দোলনের মাঝে চা বাগান মালিকেরা ২৫ টাকা মজুরি বাড়িয়ে ১৪৫ টাকার প্রস্তাব করলেও তারা কাজে ফেরেনি। তাদের দাবি ৩০০ টাকা।












