চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে অভিযান চালিয়ে ফ্লাইওভারে ছিনতাই চক্রের সাত সদস্যকে আটক করেছে নগরের কোতোয়ালি থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন। এর আগে, শুক্রবার রাতে ওয়াসা ও দামপাড়া মসজিদ গলি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. হৃদয় হোসেন, শহিদুল ইসলাম মনা, চাঁন মিয়া, মো. হাসান, মো. আরিফ, আনিস ও মো. মহসিন উদ্দিন ওরফে টুকু। ওসি বলেন, রাতে আখতারুজ্জামান ফ্লাইওভারের বিভিন্ন অংশে ছিনতাই করতো একটি চক্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে ফ্লাইওভারের গার্ডারের নিচে গোপন আস্তানা গড়ে তোলে তারা। ছিনতাই করে সেখানেই গা ঢাকা দিতো। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রটির সাত সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি দেশীয় এলজি, কাটার, দুটি ছেনি ও পাঁচটি টিপ ছোরা উদ্ধার করা হয়। মামলার পর শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।










