কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পরিষদ ভবন, ইউএনও’র অফিস ও বাসভবন সহ ১৪টি গ্রাম বিষখালী নদীর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।
আজ ১৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে বিষখালী নদীর জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে তিন ফুট বৃদ্ধি পায়। স্থানীয়রা জানান, পূর্ণিমার জোঁ এর কারনে এ পানি বৃদ্ধি পেয়েছে।
তিন ফুট পানির নিচে তলিয়ে গেছে উপজেলা পরিষদ ভবন, উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন, কৃষি অফিস, মৎস্য অফিস, শিক্ষা অফিস, হিসাব রক্ষণ অফিস, সমাজসেবা অফিস, যুব উন্নয়ন অফিস, আনসার ও ভিডিপি অফিস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস, মহিলা বিষয়ক অধিদপ্তর, বিআরডিবি, একটি বাড়ী একটি খামার, মাধ্যমিক শিক্ষা অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল অফিস, কাঠালিয়া প্রেসক্লাব, আউরা আশ্রয়ন ও মধ্যে শৌলজালিয়া আশ্রয়ন প্রকল্পের সরকারি ঘর, কাঠালিয়া গালর্স স্কুল এন্ড কলেজ, কাঠালিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, আউরা, কাঠালিয়া, চিংড়াখালী, জয়খালী, মশাবুনিয়া, পর্যটন কেন্দ্র ছৈলার চর, কচুয়া, শৌলজালিয়া, রঘুয়ার দরি চর, জাঙ্গালিয়াসহ ১৪টি গ্রাম প্লাবিত হয়েছে।
এ সকল এলাকার কৃষি, মৎস্য ও গ্রামের কাঁচা-পাকা রাস্তা ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা পরিষদের অফিস ভবনের মেঝেতে পানি ঢুকে পড়ায় আতংকিত রয়েছে কর্মকর্তা-কর্মচারীরা।
বিষখালী নদীর ভেরিবাঁধ না থাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে এ সব অঞ্চল পানিতে তলিয়ে গিয়ে মারাত্মক জনদুর্ভোগ সৃষ্টি হয়। দীর্ঘ ৫০ বছরেও বিষখালী নদীর কাঠালিয়া অংশে ভেরিবাঁধ নির্মান না হওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।
কাঠালিয়া সদর গ্রামের বাসিন্দা অমাল শীল জানান, বিষখালী নদীর কাঠালিয়ায় ভেরিবাঁধ না থাকায় আমার বসত ঘরে পানি ঢুকে পড়েছে। তাই রান্না করা যাচ্ছে না। তাই ভাত খাইতে পারি নাই এখন চিড়া ভিজিয়ে খাইতেছি। আমাদের দাবি অল্প সময়ের মধ্যে বেরিবাঁধ নির্মান করে এ দুর্ভোগ থেকে বাঁছাবে সরকার।
শিক্ষার্থী নাসির হোসেন বলেন, প্রতিবছর এই দিনেই আমরা আতংকে থাকি, জোয়ারে পানিতে ঘর-বারি তলিয়ে যায়। ৫০ বছরের বেশি সময় ধরে আমাদের ভেরিবাধের দাবি, কি কারনে ভেরি নির্মান করা হচ্ছে না তা আমাদের জানা নাই।










