কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় ছাত্রলীগের মিছিল লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ ৩ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার বাস স্ট্যান্ড সংলগ্ন পুরাতন সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ছাত্রলীগের ৬ কর্মী আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হলো- ছাত্রলীগকর্মী মোঃ তারেক, সিয়াম,পারভেজ, গোপাল, মোঃ নজরুল ও মাইনুল।
উপজেলা ছাত্রলীগের একাধিক কর্মীরা জানান, সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনকে সামনে রেখে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খানের নেতৃত্বে উপজেলা পরিষদ মোড় থেকে একটি মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাঠালিয়া তফাজ্জল হোসেন মানিক মিয়া সরকারী কলেজের সামনে থেকে ফেরার পথে পুরাতন সিনেমা হলের সামনে এলে পিছন থেকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। সেখানে পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটে। পরে খবর পেয়ে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খান অভিযোগ করে বলেন, “আমাদের শান্তিপূর্ন মিছিলে জামাত-বিএনপি নেতাকর্মীরা এই ককটেল হামলা চালিয়েছে বলে আমরা মনে করছি”। “আমরা এর প্রতিবাদ করছি এবং দ্রæত হামলা কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। এ বিষয়ে ইতিমধ্যে কাঠালিয়া থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি”।
এ বিষয়ে ঝালকাঠির সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর- কাঠালিয়া সার্কেল) মোঃ মাসুদ রানা বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনকে সফল করতে সন্ধ্যা কাঠালিয়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল করে। এতে পিছন থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে তাৎখনিক পুলিশ ঘটনা স্থল পরির্শন করছে। কাঠালিয়া থানা পুলিশ এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করবে।










