কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়াতে বিষখালি নদীর পানি স্বাভাবিকের চেয়ে তিন চার ফুট বৃদ্ধি পাওয়ায় উপজেলার সাতটি গ্রাম প্লাবিত হয়ে মারাত্মক জন দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে বাড়ি-ঘর, রাস্তা ঘাট, ভেসে গেছে জলাশয়ের মাছ, ডুবে গেছে ফসলের ক্ষেত।
আজ ৩ আগস্ট বৃহস্পতিবার দুপুরে বিষ খালি নদীর জোয়ারের পানি শৌলজালিয়া ও আমুয়া ইউনিয়নের সাতটি গ্রামে ঢুকে পড়ে। পানি ঢোকায় ওই গ্রামগুলোর অধিকাংশ বাড়ি ঘর শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা ঘাট, কৃষকের ফসলের ক্ষেত, গোয়াল ঘর ও পুকুরের মাছ তলিয়ে যায়।
এ সব এলাকা দুই থেকে তিন ফুট পানির নিচে তলিয়ে যাওয়ায় জনজীবনে মারাত্মক দুভোগর্সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত গ্রাম গুলো হলো কচুয়া, ফেরিঘাট, পূর্ব কচুয়া, শৌলজালিয়া, আমুয়া বন্দর ও চরের সিকদার পাড়া।
সাংবাদিক ও ইউপি সদস্য এইচ এম নাসির উদ্দিন আকাশ বলেন, আমাদের শৌলজালিয়া ইউনিয়নের বিষখালী নদীর তীরবর্তী হওয়ায় প্রাইয় জোয়ারের পানিতে ফসলের ক্ষেত ও বাড়ী-ঘরে পানি ঢুকে তলিয়ে যায়। তাই অচিরেই কাঠালিয়া উপজেলাকে টেকসই বেড়িবাঁধের আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।
শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন জানান, বেড়িবাঁধ না থাকায় প্রতিবছর বর্ষা মৌসুম পানি ডুকে ব্যাপক ক্ষতি হয়। তিনি বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।










