আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় সরকারি স্বীকৃতি না দেওয়ার ক্ষোভ প্রকাশ করেছেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশি সংবাদমাধ্যমকর্মীরা। এক মতবিনিময় সভায় এ বিষয়ে কলকাতায় নবনিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বানও জানিয়েছেন তারা।
মতবিনিময় সভায় বক্তারা জানান, বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম ছাড়াও বিভিন্ন অনলাইনে কলকাতায় কর্মরত আছেন অন্তত ৩০ সংবাদকর্মী। পশ্চিমবঙ্গসহ পুরো ভারতের গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশের সংবাদমাধ্যমের মধ্যদিয়ে বিশ্ব দরবারে পৌঁছে দেন তারা।
তবে দুঃখজনক হলেও সত্য কলকাতায় কর্মরত বাংলাদেশি সংবাদমাধ্যমের সাংবাদিকদের এখনও দেয়া হয়নি অ্যাক্রিডিটেশন কার্ড। যার কারণে তারা সরকারি কোনো অনুষ্ঠানে আমন্ত্রনও পান না। এমনকি কলকাতা প্রেসক্লাবেও তাদের দেয়া হয়নি কোনো স্বীকৃতি।
১৮ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার বঙ্গবন্ধু গ্যালারিতে আয়োজিত মতবিনিময় সভায় দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশি ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াসের কাছে ক্ষোভ জানান সংবাদমাধ্যমকর্মীরা।
বিষয়টি সমাধানে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বানও জানান তারা। পরে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার আশ্বাস দেন ডেপুটি হাইকমিশনার।
কলকাতায় বাংলাদেশের সময় টিভির ব্যুরো প্রধান সুব্রত আচার্য বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যমকে যে দেশের সরকার সরকারিভাবে স্বীকৃতি দিচ্ছে না, সেখানে কূটনৈতিক সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াল।’
মতবিনিময় সভায় কলকাতায় বাংলাদেশি গণমাধ্যমে নিযুক্ত সাংবাদিকদের ভিসা সংক্রান্ত জটিলতা সমাধানেরও আহ্বান জানানো হয়। চলতি বছর এপ্রিলে ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই গণমাধ্যমকর্মীদের সঙ্গে আন্দালিবের প্রথম সৌজন্য সাক্ষাৎ।












