এবছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে বাংলাদেশের ৮৭ জন মারা গেছেন। তাদের মধ্যে ৬৭ জন পুরুষ এবং ২০ জন নারী। এদের বেশিরভাগই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কেউ কেউ কিডনি, হিট স্ট্রোক, শ্বাসকষ্ট ও সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। স্বাভাবিক মৃত্যুও হয়েছে অনেকের। গত ৩১ মে থেকে ৫ জুলাইয়ের মধ্যে মারা যান তারা।
তাদের কেউ মক্কায় হজ এজেন্সির ভাড়া করা হোটেলে, কেউ ভাড়া করা হোটেল থেকে সৌদি আরবে বাংলাদেশ মিশনের ক্লিনিকে আসার পথে, কেউ কিং ফয়সাল হাসপাতালে, কেউ কিং আবদুল আজিজ হাসপাতাল, কেউ বাংলাদেশ মিশনের ক্লিনিকে এবং কেউ কিং ফয়সাল হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
সৌদি আরবে বাংলাদেশ হজ অফিসে কর্মরত চারজন পদস্থ কর্মকর্তা জানান, প্রয়াত হাজিদের সৌদি আরবের মক্কায় শরাইয়া ও মদিনার বাকীউল গরকা (জান্নাতুল বাকী) কবরস্থানে দাফন করা হয়েছে। সৌদি আরব সরকার তাদের নিজস্ব ব্যবস্থাপনায় দাফনের ব্যবস্থা করেছে।












