নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুর উপজেলার আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ সোমবার সকালে আত্রাই নদীর রামচন্দ্রপুর ঘাটের ৫০০ গজ দূরে ১৫ মিনিটের ব্যবধানে তাদের মরদেহ দুটি নদীর পানিতে ভেসে উঠে। গৃহবধূ মিনি অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।
এর আগে গতকাল রোববার বিকেলে মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই দম্পতি। মৃতরা হলেন-দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকার পারভেজ হোসেন (২২) ও তার স্ত্রী মিনি আক্তার সোমা (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে পারভেজ হোসেন ও মিনি আকতার মহাদেবপুরের রামচন্দ্রপুর গ্রামে মামাতো বোনের বাড়িতে বেড়াতে আসেন। বাড়ির পাশে আত্রাই নদীর খেয়াঘাটে তারা গোসল করতে নামেন। এসময় আত্রাই নদীতে স্রোত থাকায় পানিতে নামার কিছু পরেই তারা নিখোঁজ হন। খবর পেয়ে স্থানীয়রা নানাভাবে খোঁজ করেও তাদের কোনো সন্ধান পাননি। পরে মহাদেবপুর ফায়ার সার্ভিসকে সংবাদ দেন।
সংবাদ পেয়ে রোববার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে লাশ উদ্ধার করতে না পারায় উদ্ধার অভিযান বন্ধ করে ফিরে এসেছিলেন ডুবুরিরা। এরপর সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আবারো অভিযান শুরু করেন। একপর্যায়ে সকাল ৯টার দিকে ঘাটের অদূরে পারভেজ হোসেনের এবং সোয়া ৯টার দিকে মিনি আকতার সোমার লাশ উদ্ধার করেন।
মহাদেবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আমিনুল ইসলাম জানান, রাজশাহী থেকে ডুবুরিদল এসে উদ্ধার অভিযান চালিয়ে নিহতদের লাশ উদ্ধার করেছে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ জানান, আজ সকাল থেকে ডুবুরি দল অভিযান চালিয়ে নিখোঁজ দম্পতির লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।










