বরিশাল প্রতিনিধিঃ
কয়লা সংকটে টানা ২০ দিন বন্ধ থাকার পর দেশের বৃহত্তম পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র আবার চালু হয়েছে। রোববার (২৫ জুন) বিকেল ৪টা থেকে থেকে কেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এ তথ্য জানিয়েছেন তাপবিদ্যুৎকেন্দ্রের তত্ত¡াবধায়ক প্রকৌশলী রেজওয়ান ইকবাল খান।
সূত্রে জানা যায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে ১ হাজার ৩২০ মেগাওয়াট। কয়লাসংকটের কারণে এ মাসের ৫ জুন দেশের বৃহত্তম কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হয়ে যায়। ডলার-সংকটে বিল বকেয়া থাকায় এই বিদ্যুৎকেন্দ্রে কয়লা সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। এ কারণে সারাদেশে ভয়াবহ লোডশেডিং দেখা দেয়।
২০২০ সালের জানুয়ারি মাস থেকে নিরবচ্ছিন্নভাবে উৎপাদন শুরু করে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রটি। এরপর এই প্রথম কয়লাসংকটের কারণে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়। গত শুক্রবার ইন্দোনেশিয়া থেকে এম ভি অ্যাথেনা নামের একটি জাহাজ ৪১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরে এসেছে। এরপর লাইটার জাহাজের মাধ্যমে কয়লা খালাসের কাজ করা হয়।
তাপবিদ্যুৎকেন্দ্রের তত্ত¡াবধায়ক প্রকৌশলী রেজওয়ান ইকবাল খান জানান, একটি ইউনিটের ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে যা সরাসরি যুক্ত হবে জাতীয় গ্রিডে। অন্যটিও দুই-তিনদিনের মধ্যে চালু করা যাবে।










