জনতার খবর ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা পালানোর রাজনীতি করে না। প্রয়োজনে মরবো, জেলে যাবো, তবুও দেশ ছেড়ে পালাবো না। পালানোর অভ্যাস তো বিএনপির।। মুচলেকা দিয়ে রাজনীতি করবে না বলে লন্ডনে পালিয়ে গেছে বিএনপির নেতা। আওয়ামী লীগের পালানোর ইতিহাস নেই।
০৪ নভেম্বর শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের বিজ্ঞান বিষয়ক উপ-কমিটি আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়াকে বিএনপি মুক্ত করেনি, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দণ্ড স্থগিত করে বাসায় রেখেছেন।
শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতি করেন না উল্লেখ করে তিনি বলেন, যারা ১৫ ও ২১ আগস্ট এবং ৩ নভেম্বর ঘটিয়েছে; তাদের মুখে প্রতিহিংসার কথা মানায় না। বিএনপি সব সময় প্রতিহিংসার রাজনীতি করে।
বৈশ্বিক সংকটের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, এখন আমাদের কথা কম বলে কাজ বেশি করতে হবে। আর এখন সবার এই বিপ্লবটাই করতে হবে।
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান মো. হোসেন মুনসুরের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সবুর।












