অশ্রুসিক্ত কণ্ঠে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা জানালেন তামিম ইকবাল। এ ঘোষণার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। তবে এ সিদ্ধান্ত তার একদিনের নয়, আগে থেকে ভেবে নিয়েই এ সিদ্ধান্ত তিনি নিয়েছেন বলে জানান।
৬ জুলাই বুধবার চট্টগ্রামে হঠাৎ এক সংবাদ সম্মেলন করে এ কথা জানান তিনি। এ সময় অঝোরে কেঁদেছেন তামিম।

অবসরের বিষয়ে তামিম জানান, আফগানিস্তানের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন তিনি। পুরো ক্যারিয়ারে সৎ থেকে খেলার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন।
তিনি যোগ করেন, আমি গত কিছুদিন ধরেই সিদ্ধান্তটা নিয়ে রেখেছি। এমন না যে সিদ্ধান্তটা হুট করে নেওয়া। পরিবার, বন্ধুদের সঙ্গে আলাপ আলোচনা করেছি। সবকিছু মিলিয়েই আমার এই সিদ্ধান্ত।
এ সময় সব ধরনের ক্রিকেটকে বিদায় বলতে গিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন তামিম।
তিনি বলেন, ‘আমি ছোটবেলা থেকে খেলছি আমার বাবার স্বপ্নপূরণের জন্য। আমার ছোট চাচার হাত ধরে ক্রিকেটাঙ্গনে পা রেখেছি। আমি মাঠে আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি সবসময়। কতটুকু পেরেছি জানি না।’
ক্রিকেটার বলেন, ‘আমার ক্যারিয়ারের পেছনে আমার মা, স্ত্রী ও সন্তানদের অনেক আত্মত্যাগ রয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
এর আগে, বুধবার হঠাৎ করেই জরুরি সংবাদ সম্মেলন ডাকেন চট্টগ্রামের এই ক্রিকেটার। এদিন গভীর রাতে চট্টগ্রামে আফগান সিরিজ কাভার করতে যাওয়া গণমাধ্যম কর্মীদের তামিম সংবাদ পাঠান, বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমে কিছু বিষয়ে জানাতে চান। তবে কী জানাতে চান; এমন প্রশ্নে তখন কিছুই বলেননি।
তবে আভাস মিলেছিল, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরেরই ঘোষণা দিতে পারেন তিনি।
এর আগে, ২০২২ সালের ১৬ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন তামিম। এরপর থেকে শুধু টেস্ট আর ওয়ানডেই বাঁহাতি এই ওপেনারকে ২২ গজে দেখা গেছে।
২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ওডিআই ম্যাচ দিয়ে অভিষেক হয় তার। ২০২০ সালে ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পান তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে দেশের হয়ে এখন পর্যন্ত ৭০ টেস্টে ৫ হাজার ১৩৪ এবং ২৪১ ওয়ানডেতে ৮ হাজার ৩১৩ রান করেছেন ক্রিকেটার তামিম। ৭৮ টি-টোয়েন্টিতে তিনি এক হাজার ৭৫৮ রান রয়েছে তার।












