বরিশাল প্রতিনিধিঃ
অপহরণের দুইদিন পর অপহৃতা স্কুল ছাত্রীকে বুধবার সকালে উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় অপহরণের সহায়তা করায় অপহণকারীর মা জেসমিন বেগমকে গ্রেফতার করা হয়েছে।
অপহৃতা স্কুল ছাত্রীকে ডাক্তারী পরীক্ষা শেষে জবানবন্দি প্রদানের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামের। থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম এজাহারের বরাত দিয়ে জানান, রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেীনর ছাত্রী ও একই গ্রামের ইসলাম সরদারের মেয়ে ফাতেমা আক্তার প্রিয়াকে স্কুলে যাতায়াতের পথে বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দিয়ে আসছিলো একইগ্রামের প্রবাসী জাহাঙ্গীর হাওলাদারের ছেলে সাকিল হাওলাদার। প্রিয়া ওইপ্রস্তাব প্রত্যাখান করায় গত ২২ আগস্ট দুপুরে স্কুলের গেট থেকে সাকিল তার সহযোগীদের নিয়ে মোটরসাইকেলযোগে অপহরন করে।
এ ঘটনায় অপহৃতার বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে সাকিলসহ তিনজনের নামোল্লেখ করে আরও তিনজনে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলার পর থানা পুলিশ উপজেলার নীমতলা বাসস্ট্যান্ড থেকে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করে। এসময় অপহরণকারী সাকিলসহ অন্যরা পালিয়ে গেলেও অপহরণে সহায়তা করায় সাকিলের মা জেসমিন বেগমকে (৩৯) গ্রেফতার করা হয়।










