বিনোদন ডেস্কঃ বাংলাদেশের জনপ্রিয় মডেল, অভিনেত্রী শবনব ফারিয়া। যিনি নিজেকে শুধু অভিনয়ের মধ্যেই বন্দি করে রাখেন না। সামাজিক বিভিন্ন বিষয়ে সোচ্চার থাকেন এই অভিনেত্রী। অনুসারীদের কারো রক্তের প্রয়োজন হলে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তাৎক্ষণিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অন্য অনুসারীদের অনুরোধ করেন তিনি।
১৫ নভেম্বর সোমবার বিশ্ব শিশু দিবস উপলক্ষে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন এই অভিনেত্রী। আর এতে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, নিরাপত্তায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। শবনব ফারিয়া তার পোস্টে লিখেছেন, শিক্ষা, পুষ্টি, আশ্রয় এবং স্বাস্থ্যসেবাসহ একটি নিরাপদ শৈশব পেয়ে আমি কৃতজ্ঞ। কিন্তু দেশজুড়ে এখনও অনেক শিশু এই সব মৌলিক অধিকার থেকে বঞ্চিত।
ভবিষ্যতের বড় সমস্যাগুলি মোকাবিলা করার জন্য আজকের শিশুদের আরও বেশি স্বাস্থ্যকর, দক্ষ এবং সক্ষম হতে হবে। এই কারণে আমাদের সরকারকে এখনই শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি আর নিরাপত্তার মতো সরকারি খাতে শিশুদের জন্য বিনিয়োগ আরও বেশি বাড়াতে হবে। তিনি আরও লেখেন, এই বিশ্ব শিশু দিবসে সব শিশুর উজ্জ্বল এবং সফল ভবিষ্যৎ কামনা করে ইউনিসেফ বাংলাদেশ-এর সংগে যোগ দিতে পেরে আমি গর্বিত!












