ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে এক স্থানে বিএনপি ও যুবদলের পৃথক কর্মসূচি ঘোষণা করায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উপজেলা বিএনপির একাংশ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল ১৩ আগস্ট বুধবার বিকেলে উপজেলা মার্কেট চত্বরে র্যালি ও সমাবেশের আয়োজন করেছে। একওই সময় উপজেলা চত্বরে “জুলাই/২৪ বিপ্লব” কর্মসূচির অংশ হিসেবে সমাবেশের ঘোষণা দিয়েছে উপজেলা যুবদল।
উভয় পক্ষের দাবি, আমরা সমাবেশ করার বিষয়টি চিঠি দিয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাহুল চন্দ ও থানা অফিসার ইনচার্জ ওসি মো. ইসমাইল হোসেনকে জানিয়েছি।
উপজেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। প্রধান বক্তা থাকবেন দলের নির্বাহী কমিটির সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ. এম. সাইফ আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদৎ হোসেন।
অপরদিকে উপজেলা যুবদলের সমাবেশে প্রধান অতিথি থাকবেন ঝালকাঠি জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রবিউল ইসলাম তুহিন। প্রধান বক্তা হিসেবে উপস্হিত থাকবেন জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মো. আনিসুর রহমান আনিস। সভাপতিত্ব করবেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাছুম বিল্লাহ পারভেজ এবং সঞ্চালনায় থাকবেন উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ নাজমুল হক।










