বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ সার্ভার ডাউন হয়ে যাওয়ার পর প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ফের সচল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম।
সোমবার রাত পৌনে ১০টার দিকে বিশ্বজুড়ে বন্ধ হয়ে হোয়াটসঅ্যাপ। পাশাপাশি ফেসবুক ও ইনস্টাগ্রামেও বার্তা আদান-প্রদান বন্ধ হয়ে যায়। বাংলাদেশেও এই তিন অ্যাপ ব্যবহার করা যাচ্ছিল না।
এদিকে বিশ্বব্যাপী ফেসবুক-ইনস্টাগ্রাম- হোয়াটস অ্যাপ সার্ভারজনিত সমস্যায় ৬ ঘন্টা বন্ধ থাকায় মোট সম্পদের অন্তত ৭ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের। আর এতেই বিশ্বের ধনীদের তালিকা থেকে নিজের অবস্থান নিচে নেমে এসেছে।- ব্লুমবার্গ
০৪ অক্টোবর সোমবার শেয়ার বাজারে ফেসবুকের শেয়ারের দাম কমেছে ৪.৯ শতাংশ । যা গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে হিসেব করলে অন্তত ১৫ শতাংশ কম।
ব্লুমবার্গের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বর্তমানে জাকারবার্গের নেট সম্পদের পরিমান কমে দাঁড়িয়েছে ১২১.৬ বিলিয়ন মার্কিন ডলারে। আর এর ফলে বিলিয়নিয়ার ক্লাবে বিল গেটসের নিচে ৫ নম্বরে অবস্থান করছেন তিনি। সূচক অনুযায়ী, কয়েক সপ্তাহের মধ্যে সম্পদের পরিমান ১৪০ বিলিয়ন ডলার থেকে কমে বর্তমানে ১২১ বিলিয়নে ঠেকেছে।












