আন্তর্জাতিক ডেস্কঃ সার্ক বৈঠকে আফগানিস্তানের প্রতিনিধিত্ব নিয়ে বিরোধে জড়িয়ে সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠক বাতিল হয়েছে। আগামী শনিবার নিউইয়র্কে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সূত্রের বরাতে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, পাকিস্তান চেয়েছিলো সার্ক বৈঠকে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করুক তালেবান। তবে ভারতসহ কয়েকটি সদস্য দেশ ওই প্রস্তাবের বিরোধিতা করায় ঐক্যমত বা সম্মতির অভাবে বৈঠকটি বাতিল হয়ে গেছে।
গত সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের এক বৈঠকে বলেন, তালেবান সরকারে তারা ছাড়া আর কেউ নেই, নেই নারী ও সংখ্যালঘুদের কোনো প্রতিনিধিও। এ কারণে কাবুলের এখনকার সরকারকে স্বীকৃতি দেওয়ার আগে সব দেশেরই ভালো করে ভাবা উচিত।
এবারের বৈঠকের আয়োজক ছিল নেপাল। সাধারণত প্রতিবারই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে সার্কের মন্ত্রীপর্যায়ের এ বৈঠক হয়।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে শনিবার নিউইয়র্কে এ বৈঠক হওয়ার কথা ছিল। পাকিস্তান চেয়েছিল, বৈঠকে তালেবান আফগানিস্তানের প্রতিনিধিত্ব করুক। কিন্তু ভারত এবং জোটের আরও কয়েকটি সদস্য দেশ তাতে আপত্তি জানায়।
এএনআই জানিয়েছে, সদস্য দেশগুলোর মধ্যে মতানৈক্যের কারণে বৈঠক বাতিল করা হয়েছে বলে তাদের প্রশ্নে উত্তরে জানিয়েছে সার্ক সচিবালয়।












