আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের পানশির উপত্যকার নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এমন খবর কাবুলে পৌছাতেই সেখানে অবস্থানরত তালেবান যোদ্ধারা গুলি ছুঁড়ে উৎসবে মেতে উঠে। আর এতে বলি হয়েছে ১৭ জন। গোগাগুলিতে জখমের হিসাব এখনো পাওয়া যায়নি।
গোটা আফগানিস্তান দখল নিলেও পাহাড়ি ও কৌশলগত প্রদেশ পানশির ছিলো তালেবানের হাতছাড়া। প্রদেশটি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিলো তালেবান বিরোধী মিলিশিয়ারা। শুক্রবার পানশির দখলের দাবি করে তালেবান। তবে তালেবানের দাবি প্রত্যাখ্যান করে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট-এনআরএফ বলছে পানশির এখনো তাদের দখলে রয়েছে।
আফগান সংবাদ সংস্থা সামশাদ নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার কাবুলে তালেবান যোদ্ধার আকাশে গুলি ছুঁড়ে উৎসব করার সময় ১৭ জন নিহত এবং ৪১ জন আহত হয়েছে। টোলো নিউজ এজেন্সিও প্রায় একই ধরনের খবর দিয়েছে।
শুধু কাবুল নয়, দেশটির নানগারহার প্রদেশেও গুলি ছুঁড়ে উৎসবের ঘটনায় কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন জানা গেছে। প্রদেশটির রাজধানী জালালাবাদের একটি হাসপাতালের মুখপাত্র গুলজাদা সানগার এই খবর নিশ্চিত করেছেন।
গুলি ছুঁড়ে উৎসবের ঘটনায় চটেছে তালেবান কর্তারা। চরমপন্থী সংগঠনটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ যোদ্ধাদের উদ্দেশ্য এক টুইট বার্তায় বলেছেন, ‘আকাশে গুলি ছোঁড়া বন্ধ করুন এবং আল্লাহকে ধন্যবাদ জানান। বুলেট নাগরিকদের ক্ষতি করতে পারে। তাই বিনা প্রয়োজনে গুলি ছুঁড়বেন না’।
উল্লেখ্য, গত ১৫ অগস্ট কাবুল দখল করে নেয় তালেবান। গোটা আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে এলেও পাহাড়ি ও কৌশলগত এলাকা পানশিরের দখল ছিল আহমেদ মাসুদ বাহিনীর হাতে। তারা আলোচনার মাধ্যমে সমাধানে রাজি হলেও দুই পক্ষের মধ্যে সেটি সম্ভব হয়নি। শেষে তীব্র লড়াইয়ে নেমেছে তালেবান ও মাসুদ বাহিনী।












